শাহরাস্তি উপজেলায় পারিবারিক কলহের জেরে অশীম চক্রবর্তী (২৪) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
রবিবার (৩০ মার্চ) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে সোমবার ভোর ৪টার মধ্যে উপজেলার সুচিপাড়া দক্ষিণ ইউপির নরিংপুর গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, অশীম চক্রবর্তী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে ঝগড়া ও বিবাদে জড়িয়ে পড়তেন। ঘটনার দিন রাতের কোনো এক সময় নিজ বসতঘরের দক্ষিণ পাশে থাকা একটি আতাফল গাছে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
ঘটনার খবর পেয়ে শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) মো. আল-আমীন সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানায়, এটি আত্মহত্যাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
মৃত অশীম চক্রবর্তী নরিংপুর গ্রামের সুভাষ চক্রবর্তী ও মঞ্জু রানী চক্রবর্তীর ছেলে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

মোঃ মাসুদ রানা