আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার ৫ নম্বর সহদেবপুর পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী আলহাজ্ব ডা. মো. কামাল উদ্দিন প্রধান। সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর থেকেই এলাকায় আলোচনা শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ডা. কামাল উদ্দিন প্রধান বর্তমানে কচুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। পাশাপাশি তিনি চাঁদপুর জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক পরিচয়ের বাইরে সমাজসেবামূলক কাজেও তাঁর সক্রিয়তা রয়েছে। তিনি কচুয়া আহমদিয়া ইসলামিয়া মাদ্রাসার স্থায়ী কমিটির সদস্য হিসেবে যুক্ত আছেন। একই সঙ্গে এপেক্স ক্লাব অব কচুয়ার সেক্রেটারি হিসেবে বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
পেশাগতভাবে তিনি ‘দৈনিক আলোকিত চাঁদপুর’ পত্রিকার সহ-সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার বিষয়েও বিভিন্ন সময় তিনি সরব ভূমিকা পালন করে আসছেন।
নির্বাচন নিয়ে জানতে চাইলে ডা. কামাল উদ্দিন প্রধান বলেন, “মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। নির্বাচিত হতে পারলে ইউনিয়নকে একটি আধুনিক, সেবামুখী ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়নে রূপ দিতে চাই।”
ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাঁর সমর্থনে প্রচারণা শুরু হয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য এ প্রার্থীকে ঘিরে সাধারণ ভোটারদের মধ্যে আগ্রহও বাড়ছে।
তবে নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী কারা হবেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, শিক্ষিত ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতায় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকতে পারেন।

আবু সাঈদ, কচুয়া