শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা সমবায় সমিতি (বিআরডিবি)-এর সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন (৮০) আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুর ১টায় উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির ফটিকখিরা গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।তিনি ২৬ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজিত স্বাধীনতা দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বক্তব্যও দেন। ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের তালিকায় তাঁর নাম না থাকায় তিনি বিষয়টি প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন। পরে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ইঞ্জিঃ মমিনুল হক উপজেলা নির্বাহী অফিসারকে তাঁর নাম তালিকায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন।
বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি স্থানীয় সরকার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা চারবার নির্বাচিত হয়ে জনগণের সেবা করেন।
এছাড়া তিনি প্রায় ১৮ মাস শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদ নির্বাচনে হাঁস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাও করেন।
সমবায় আন্দোলনেও তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি উপজেলা বিআরডিবির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি সক্রিয় ছিলেন—আশির দশকে জাতীয় পার্টির রাজনীতিতে যুক্ত থাকলেও পরবর্তীতে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান তথা মরহুমের মামাতো ভাইর হাত ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন। জীবনের শেষ পর্যায়ে তিনি নিজেকে মুক্তিযোদ্ধা কল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখেন এবং সহযোদ্ধাদের সঙ্গে সময় কাটাতেন।
মরহুমের আকস্মিক মৃত্যুতে চাঁদপুর ৫ এর সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মরহুমের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
রহুমের জানাজার নামাজ রোববার (৫ এপ্রিল) সকাল ১১টায় ফটিকখিরা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শাহরাস্তির রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা মহলে তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মোঃ মাসুদ রানা