চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাসপুর লঞ্চঘাট এলাকায় নদীর তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের ফেলা জিও ব্যাগ জনসাধারণের দখলে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ এই বালির বস্তাগুলো প্রকাশ্যে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, তীরভাঙন রোধে স্থাপন করা জিও ব্যাগ সরিয়ে নেওয়ায় নদীর তীর পুনরায় ঝুঁকির মুখে পড়তে পারে। এতে যেকোনো সময় বড় ধরনের ভাঙনের আশঙ্কা করছেন তারা।
তবে এলাকাবাসীর একটি অংশ জানিয়েছেন, এখানে নতুন করে ব্লক নির্মাণের কাজ শুরু হবে—এ কারণে জিও ব্যাগগুলো সরানো হচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকায় জনমনে বিভ্রান্তি বিরাজ করছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত অবস্থা জানানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে তীর রক্ষা কার্যক্রম বিঘ্নিত না হয় এবং এলাকাবাসী নিরাপদ থাকতে পারে।

নিজস্ব প্রতিনিধি