চাঁদপুর সদরের আশিকাটিতে এক কৃষি উদ্যোক্তার চাষ করা জমির বিভিন্ন প্রজাতির সবজির গাছ তুলে নষ্ট করে দিয়েছে দুর্বত্তরা।
রবিবার (১২ এপ্রিল) দিবাগত রাতের যেকোন সময়ে ইউনিয়নের বাবুরহাট বিসিক সংলগ্ন দক্ষিণ পাশের জমিতে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ আশিকাটি গ্রামের বাসিন্দা মালেক মিজি সখের বসে গত কয়েক বছর যাবত বিভিন্ন প্রজাতির শাক সবজির চাষ করে আসছেন।
রবিবার রাতের আঁধারে লোকচক্ষুর আড়ালে এমন জঘন্যতম কাজটি করছে দুর্বৃত্তরা। এ কারণে ক্ষতিগ্রস্থ কৃষক নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। এতে তার রোপিত সিম, ধুন্দুল, কই সহ ফলন বের হওয়া বিভিন্ন প্রজাতির সবজির গাছ তুলে নেয় দুর্বৃত্তরা।
এর আগেও গত বছর কে বা কারা ওই কৃষকের অন্য আরেকটি জমির অনেকগুলো পেঁপে গাছ কেটে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে।ফলে এমন কাজ করেও মনুষ্যত্বহীন দুর্বৃত্তরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। প্রতি বছরই এমন ক্ষতি মেনে নিতে পারছেন না কৃষক মালেক মিজি।
কৃষি উদ্যোক্তা মালেক জানান, সখের বসে আমি একজন সবজি চাষী। সতেজ গাছগুলো মাত্র ফুল ধরা শুরু হয়েছিল। কিছু কিছু গাছে ফলনও বের হয়েছে। কিন্ত শত্রুতা করে কে বা কারা রাতের আঁধারে গাছগুলো টেনে উঠিয়ে আমার ক্ষেতের সবগুলো গাছ নষ্ট করে দিয়েছে। আমি মনে করি আমার কোনো শত্রু নেই। আমরা খেটে খাওয়া সাধারণ মানুষ, যে কারণে ঝামেলা এড়াতে আমি পুলিশের শরণাপন্ন হইনি।
এ বিষয়ে আশিকাটি ইউনিয়ন উপ সহকারী কৃষি কর্মকর্তা সাবিকা আক্তার প্রিয় চাঁদপুরকে বলেন, বিষয়টি আসলেই দুঃখজনক। তার এ ক্ষতি একজন কৃষকের জন্য কষ্টদায়ক। তারপরও আমি ঐ কৃষকের সাথে দেখা করবো এবং কোন প্রণোদনা আসলে তাকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।

মাসুদ হোসেন