জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছে। একই সঙ্গে কলেজটির অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন। এ দুই শীর্ষ সম্মাননার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় আরও ১৩টি স্থান অর্জনসহ মেহের ডিগ্রি কলেজ সর্বমোট ১৫টি পুরস্কার লাভ করে বিশেষ গৌরব অর্জন করেছে।
রবিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।
তিনি কলেজের অধ্যক্ষের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাজিয়া হোসেন বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেহের ডিগ্রি কলেজের এই অর্জন শুধু প্রতিষ্ঠানটির নয়, বরং সমগ্র উপজেলার জন্য গর্বের বিষয়। তিনি শিক্ষার গুণগত মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলেজ পরিচালনা পর্ষদের বর্তমান সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন দায়িত্ব গ্রহণের পর থেকেই কলেজের সার্বিক কার্যক্রমে আমূল পরিবর্তন এসেছে। শিক্ষার মান উন্নয়ন থেকে শুরু করে শিক্ষার্থীদের নানা সমস্যা চিহ্নিত করে তা সমাধানে তিনি সাহসী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। যার ফলশ্রুতিতে বিগত বছরের ধারাবাহিকতায় এবারও মেহের ডিগ্রি কলেজ উপজেলা পর্যায়ে মেধার স্বাক্ষর রাখলো।
এই অনন্য অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান বলেন, এই গৌরবময় অর্জন আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। বিশেষ করে পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন মহোদয়ের দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকি আমাদের পথচলাকে মসৃণ করেছে।
আমরা শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না; শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার বিকাশেও সমান গুরুত্ব দিচ্ছি। শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় মেহের ডিগ্রি কলেজকে জেলার গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে পারবো বলে আমার বিশ্বাস।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আবু ইউসুফ পাটওয়ারী রুপন বলেন, আমাদের লক্ষ্য ছিল মেহের ডিগ্রি কলেজের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে এটিকে একটি আধুনিক ও মানসম্মত বিদ্যাপীঠে রূপান্তর করা। আজকের এই ফলাফল প্রমাণ করে আমরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছি। দায়িত্ব গ্রহণের পর শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছি, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে এই কলেজ আরও সাফল্যের শিখরে পৌঁছাবে বলে আমরা আশাবাদী।
অধ্যক্ষ মিজানুর রহমান এ সফলতার জন্য কলেজ পরিচালনা পর্ষদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।
এদের মধ্যে রয়েছেন— উপজেলা বিএনপি সভাপতি ও কলেজ দাতা সদস্য আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, বিদ্যুৎসাহী সদস্য হিসেবে সাবেক সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ যদু চন্দ্র শীল, চিকিৎসক প্রতিনিধি সহকারি অধ্যাপক কার্ডিলজি বিভাগ কুমিল্লা সরকারি হাসপাতাল ডা.আহসানুল কবির, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট শাহেদুল হক মজুমদার সোহেল এবং প্রভাষক সুফিয়া বেগম।
এছাড়া অভিভাবক সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গাজী কবির, কাউন্সিলর আবুল কাশেম ও জাকির হোসেন। শিক্ষক প্রতিনিধিদের মধ্যে এই সাফল্যের সারথি হিসেবে সক্রিয় ছিলেন শিক্ষক আহসান উল্লাহ ও ফারজানা আক্তার।
উপজেলা পর্যায়ে এ বিশাল অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের বন্যা বইছে।

মোঃ মাসুদ রানা