প্রকাশের সময়: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ । ১১:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পুলিশ ও সাংবাদিকদের আরও বেশি সচেতন থাকতে হবে : সি. জেলা ও দায়রা জজ সামছুন্নাহার 

নিজস্ব প্রতিনিধি
আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে সামনে রেখে চাঁদপুর জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি সামছুন্নাহার।
সভায় সভাপতির বক্তব্যে তিনি জানান, আগামী ২৮ এপ্রিল-২০২৬ জাতীয় আইনগত সহায়তা দিবসটি উপলক্ষে কারাগারে বিশেষ কার্যক্রমসহ মোট ৯টি কর্মসূচি গ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মধ্যে র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান, আইনগত সহায়তা স্টল এবং মেলার আয়োজন উল্লেখযোগ্য।
তিনি আরও বলেন, দিবসটির সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে পুলিশ ও সাংবাদিকদের আরও বেশি সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি কঠোরভাবে নির্দেশনা প্রদান করে বলেন, বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত কোনো শিশুর (অপরাধে সম্পৃক্ত হলেও) ছবি বা ভিডিও ধারণ করে তা ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন বা কোনো প্ল্যাটফর্মে প্রকাশ করা যাবে না।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, কর্মসূচিগুলোর নিরাপত্তা ও প্রচারণার জন্য পুলিশ বিভাগ ও জেলা তথ্য অফিসকে সম্পৃক্ত করা হবে। তবে সীমিত সরকারি বরাদ্দের কারণে কর্মসূচিগুলো সংক্ষিপ্ত পরিসরে বাস্তবায়নের বিষয়টিও উল্লেখ করেন তিনি। র‍্যালির টি-শার্ট, ক্যাপ, ব্যানার-ফেস্টুনসহ আনুষঙ্গিক ব্যয়ের বিষয়টিও সভায় আলোচনা হয়।
এ সময় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী দিবসটি উপলক্ষে ব্যাপক প্রচারণা চালাতে গণমাধ্যমকে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক প্রচারের উদ্যোগ গ্রহন করবেন বলে জানান। এছাড়াও তিনি লিগ্যাল এইড কমিটির কার্যক্রম ও ২৮ এপ্রিল  জাতীয় আইনগত সহায়তা দিবস  সফলভাবে সম্পন্ন করতে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, লিগ্যাল এইড মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সরকারি আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা গেলে এ কার্যক্রম আরও সফল হবে বলে মতামত প্রদান করেন তারা।
সভায় আরও বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জেলা ও দায়রা জজ (বিচারক) আমিরুল ইসলাম, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ রফিকুল হাসান ফয়সাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামছুল ইসলাম মন্টু, নারী পিপি অ্যাড. কোহিনুর আক্তার, জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী এবং জেলা জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শফিকুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিরা নূর, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ কামাল হোসাইন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান, সিভিল জজ শুভ ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবদুল আলীম।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, আগামী ২৮এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবসকে ঘিরে সার্বিক প্রস্তুতি গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, কোনো শিশুর (অপরাধে সম্পৃক্ত থাকলেও) ছবি বা ভিডিও বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন বা সামাজিক মাধ্যমে প্রকাশ না করার বিষয়ে সভায় পুনরায় গুরুত্বারোপ করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন