প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ । ১২:২০ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মৎস্য আড়তে ইজারাদারের উপর হামলা, আহত-১০

নিজস্ব প্রতিনিধি

দীর্ঘ তিন বছর পর ইজারা কার্যক্রম চালুর দিনই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হলো হাজীগঞ্জ পৌরসভার ধেররা মৎস্য আড়ত। ইজারাদারকে দায়িত্ব বুঝিয়ে দিতে গিয়ে হামলা-সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে ইজারাদার, ব্যবসায়ীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন আরজিল হোসেন ডিনার, মাঈনুদ্দিন খান রনক, মহসিন পাটোয়ারী, হাসান, আব্দুল্লাহ আল মামুন এবং ভূমি মালিকানা মামলার বাদী সাখাওয়াত হোসেনসহ আরও কয়েকজন। তাঁদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পৌরসভা সূত্র জানায়, ভূমি মালিকানা সংক্রান্ত জটিলতায় টানা তিন বছর বন্ধ থাকার পর প্রায় ৩৩ লাখ টাকায় আড়তটির ইজারা দেওয়া হয়। ইজারাদার মোহাম্মদ হাছান বশ্রী রানাকে প্রশাসনের উপস্থিতিতে দায়িত্ব বুঝিয়ে দিতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় কয়েকটি মৎস্য আড়ত ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইজারাদারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মালিকানার বিরোধকে কেন্দ্র করে সাখাওয়াত হোসেন তাঁর সমর্থকদের নিয়ে পরিকল্পিত হামলা চালান। এতে তাঁদের পক্ষের অন্তত ছয়জন গুরুতর আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

তবে অপর পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন