প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ । ৯:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা কারাগারে নববর্ষ উদযাপন, বন্দিদের চোখে আনন্দের ঝিলিক

সাইদ হোসেন অপু চৌধুরী

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে চাঁদপুর জেলা কারাগার-এ বন্দি ও স্টাফদের অংশগ্রহণে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

নববর্ষের সকালে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়। সকালের মেন্যুতে ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, আলুর দম, মরিচ ও পেঁয়াজ। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, মুরগির রোস্ট, গরুর মাংস, ডিম, মিষ্টি, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি। রাতের খাবারে ছিল সাদা ভাত, রুই মাছ ও আলুর দম।

কারা প্রশাসনের উদ্যোগে বন্দিদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। এতে হাডুডু খেলার পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সৃজনশীল পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা বন্দিদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি করে।

অন্যদিকে, কারাগারের স্টাফদের জন্যও পৃথকভাবে নববর্ষের আয়োজন করা হয়। সকালের নাস্তায় ছিল পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, মরিচ ও পেঁয়াজ। দুপুরের খাবারে পোলাও, গরু ও মুরগির মাংস, ডাল, সালাদ ও কোমল পানীয় পরিবেশন করা হয়। রাতের খাবারে ছিল সাদা ভাত ও মাছ।

স্টাফদের জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল শিশুদের বিস্কুট দৌড়, মহিলাদের চেয়ার খেলা এবং বড়দের হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা, যা অংশগ্রহণকারীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে দেয়।

এছাড়া চাঁদপুর জেলা প্রশাসন-এর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বৈশাখী মেলায় (১৪ ও ১৫ এপ্রিল) কারাগারের জন্য একটি স্টল বরাদ্দ নেওয়া হয়েছে। সেখানে বন্দিদের তৈরি বিভিন্ন হস্তশিল্প ও পণ্য প্রদর্শন ও বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়েছে।

নববর্ষ উদযাপন শেষে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঞা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও নববর্ষের শুভকামনা জানান। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। কারাগার শুধু শাস্তির স্থান নয়, এটি সংশোধন ও মানবিক মূল্যবোধ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ ধরনের সাংস্কৃতিক ও আনন্দঘন আয়োজন বন্দিদের মানসিক প্রশান্তি দেয়, তাদের মাঝে ইতিবাচক চিন্তা ও নতুনভাবে জীবন শুরু করার অনুপ্রেরণা জাগায়।

তিনি আরও বলেন, নববর্ষ নতুন সম্ভাবনা, নতুন আশা ও নতুন সূচনার বার্তা নিয়ে আসে। আমরা চাই, কারাগারের ভেতরেও এই উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক, যাতে বন্দিরা নিজেদের সমাজের অংশ মনে করতে পারে। কারা প্রশাসন সবসময় বন্দিদের মানবিক পরিবেশ নিশ্চিত করতে সচেষ্ট রয়েছে। নতুন বছর ১৪৩৩ সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনুক।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন