চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলাচলের প্রধান সড়কে মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাইজকান্দি নুরুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের জন্য মেইন রাস্তা থেকে আবু সাঈদ ও জুলহাস দেওয়ানের নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী এ পথ দিয়ে বিদ্যালয়ে চলাচল করে।
স্থানীয় লোকজনের সহায়তায় এ মাটির রাস্তার উপর বালু ও ইটের সলিং করা হয়। বুধবার দিনের বেলায় জুলহাস দেওয়ানের ছেলে ও তার পরিবারের লোকজন নিয়ে ইট সলিং উপড়ে ফেলে। এ বিদ্যালয়ে ১শ’ ২২জন শিক্ষার্থী রয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত করতে অসুবিধা হচ্ছে।
বক্তব্য রাখেন- নুসরাত জাহান ইরা, আয়েশা তাবাসসুম মিলা, রাবেয়া বসরী জেরিন, জাকিয়া সুলতানা, খাদিজা পাটোয়ারী, মুস্তাকিম মাহমুদ , আব্দুল্লাহ আল তাজিম’সহ অভিভাবক ও এলাকাবাসী।
জুলহাস দেওয়ানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি দুবাই প্রবাসী, আমার জমির উপর দিয়ে বিদ্যালয়ে চলাচল জন্য রাস্তা আছে এবং থাকবে। এ জমিটি আমি ক্রয় করেছি। জমি পরিমাপ করে আমার এবং আমার প্রতিবেশীর সীমানা নির্ধারণ করে দুই জনের মধ্য থেকে রাস্তা করা হবে। জমির সীমানা নির্ধারণ ছাড়াই আমার একক জমির উপর দিয়ে চলাফেরার জন্য মাটির কাঁচা রাস্তা রয়েছে। সেখানে ইট সলিং দিয়ে আমাকে না জানিয়ে একটি মহল জোরপূর্বক রাস্তা করার চেষ্টা করলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়। তারপরও ইট সলিং করায় ইট উপড়ে ফেলা হয়।

মনিরুল ইসলাম মনির