চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারীতে পপুলার কোচিং সেন্টারের ২০২৬ ইং সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে উক্ত কোচিং সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লোকমান হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
উক্ত কোচিং সেন্টারের শিক্ষক মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সাবেক এজিএস আবু তাহের খোকন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির মহামায়া অফিসের ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, শাহমাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, মহামায়া ক্রিয়েটিভ ডিজিটাল সাইন এর সত্ত্বাধিকারী আব্দুল কাদির।
কোচিং সেন্টারের পরিচালক সফিকুল ইসলাম হেলাল এর তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীকে শিক্ষিত হলে হবে না, সবাইকে ভালো মনের মানুষ হতে হবে। বর্তমান সময়ে পুরুষের তুলনায় নারীরা এগিয়ে যাচ্ছে। তাই একজন নারী শিক্ষিত ও ভালো মানুষ হলে তার সন্তানও ভালো মানুষ হয়ে উঠবে।
বক্তারা আরো বলেন, মেধা বিকাশের জন্য পড়ালেখা করলে হবে না, নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে হবে। তোমরা যারা এস.এস.সি পরীক্ষা দিবে, পরীক্ষা শুরু হওয়ার আগে ভালো ভাবে প্রশ্ন দেখবে। যে প্রশ্নটা ভালো পারবে সেটা আগে খাতায় লিখবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্যের আলো সামাজিক ক্রীড়া ঐক্য সংগঠনের সাধারণ সম্পাদক নূর ইসলাম, তাহফিজুন নূর নূরানী মাদ্রাসার শিক্ষক সাব্বির আহমেদ সহ বিভিন্ন সামাজিক ও অভিভাবকবৃন্দ।
এসময় বিদায়ী মানপত্র পাঠ করেন কোচিং সেন্টারের শিক্ষার্থী আয়শা আক্তার। অনুষ্ঠানে নাতে রাসূল ও গজল পরিবেশন করেন অত্র কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
জানা যায়, পপুলার কোচিং সেন্টার থেকে শিক্ষা নিয়ে প্রতি বছর শিক্ষার্থীরা ভালো ফলাফল করে আসছেন। সেই সাথে এই প্রতিষ্ঠান থেকে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

মাসুদ হোসেন