প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ১২:০৩ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ গৌড়েশ্বরে চুরি’র প্রতিবাদ করায় হামলায় আহত ২, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গৌড়েশ্বর এলাকায় চুরির প্রতিবাদ করায় এক কৃষকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী,দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সঙ্গে জড়িত হিসেবে পরিচিত ইমাম হোসেনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।
এ ঘটনায় ইমাম হোসেন,তানিম হোসেন ও নবীর হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। হামলার সময় নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে গৌড়েশ্বর এলাকার একটি দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—মোঃ হানিফ কাজী (৫০) ও আব্দুল মালেক কাজী (৬৫)।

লিখিত অভিযোগে হানিফ কাজী জানান,কয়েকদিন আগে ইমাম হোসেনের ভাতিজাকে চুরির সময় হাতেনাতে ধরার পর থেকেই তিনি হুমকি-ধমকির মুখে ছিলেন। পরবর্তীতে মসজিদের কাজের জন্য আনা ভেকু (খনন যন্ত্র) ঘিরে তার কাছে চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিরোধের সূত্রপাত ঘটে।

ঘটনার দিন ভেকুর তেলের টাকা দিতে গেলে ইমাম হোসেন ও তানিম হোসেন দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তাকে একটি দোকানের ভেতরে নিয়ে লাঠি দিয়ে মারধর করা হয় এবং গলা চেপে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

একই সময় তানিম হোসেন তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে দাবি করা হয়েছে।

এদিকে,ঘটনাস্থলে উপস্থিত আব্দুল মালেক কাজী মীমাংসার চেষ্টা করলে নবীর হোসেন তাকে মারধর করে গুরুতর আহত করে বলে জানা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা দাবি করেন, ইমাম হোসেনের বিরুদ্ধে এর আগেও ফুটবল খেলার নামে চাঁদাবাজির অভিযোগ ছিল। কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তিনি বেপরোয়া হয়ে উঠেছেন বলে অভিযোগ তাদের।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন