জয়নুল হক শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল (জেডএইচ এস ডব্লিউ এমসি এন্ড এইচ)-এর গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. শামীম বলেন, এমন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। আমি আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে কলেজের শিক্ষা কার্যক্রম ও চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা করব। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ০২ মার্চ ২০২৬ তারিখের জেডএইচএসডব্লিউএমসিএন্ডএইচ/ ২০২৬/৮৭ নম্বর পত্রের প্রেক্ষিতে পূর্ববর্তী গভর্নিং বডির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন করে কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে চেয়ারম্যানসহ ২ জন শিক্ষানুরাগী সদস্য ও ২ জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য মনোনয়ন দিয়েছেন মাননীয় উপাচার্য।
নবগঠিত গভর্নিং বডির অন্যান্য সদস্যরা হলেন—অধ্যাপক ড. এ এফ এম মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মহাম্মদ সফি উল্যাহ, অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং অধ্যাপক ড. নাসরিন সুলতানা।
সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্বে কলেজের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আসবে এবং শিক্ষা ও চিকিৎসা সেবার মান আরও সমৃদ্ধ হবে।
উল্লেখ্য, অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমকে গত কয়েকদিন পূর্বে বিপিএমপিএ’র মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মনিরুল ইসলাম মনির