প্রকাশের সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ । ৫:৫৮ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে উদয়ন শিশু বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর প্রেসক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  ও চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী।
সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেস বিদ্যালয়ের সভাপতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাস চন্দ্র রায়। তিনি বলেন, বিদ্যালয়ের উন্নয়নে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করছেন। কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত বিদ্যালয় কর্তৃপক্ষ ও ম্যানেজিং কমিটিকে জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও বিদ্যালয়কে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত শিশুদের বিদ্যালয়ে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতির বক্তব্যে উদয়ন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, ১৯৮২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি সুনামের সঙ্গে নিরলসভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, মনোরম পরিবেশে অবস্থিত এই বিদ্যালয়ে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও উদয়ন বিদ্যালয়কে একটি আদর্শ বা মডেল বিদ্যালয়ে রূপান্তর করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।
অভিভাবকদের পক্ষ থেকে নাছিমা আক্তার ও সোনিয়া বেগম বক্তব্য দিয়ে শিক্ষার মানোন্নয়ন, বাড়ির কাজের প্রতি গুরুত্ব, মানসম্মত পাঠদান, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং শিশুদের পড়াশোনায় আরও মনোযোগী করার বিষয়গুলো তুলে ধরেন।
তারা বিদ্যালয়ের সুনাম বজায় রেখে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের উৎসাহ প্রদান করেন।
সমাবেশটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুলায়মান হোসেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আহমেদ এবং গীতা পাঠ করেন শিক্ষিকা মিলি আচার্য্য।
এ সময় আরও বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএ লতিফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, প্রেসক্লাবের সদস্য সেলিম রেজা, সহকারী সিনিয়র শিক্ষক জান্নাতুল ফেরদৌসসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সমাবেশে বক্তারা শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন