আগামী ১৬ মে, শনিবার চাঁদপুর সফরে আসার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে চাঁদপুরের বিএনপির দলীয় নেতৃবৃন্দের মুখে মুখে।
প্রধানমন্ত্রীর সফর সূচি সম্পর্কে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সাথে আলাপকালে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনের চূড়ান্ত কোন সূচি এখনো পাওয়া যায়নি।
সদর ইউএনও জানান, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ১৬ মে চাঁদপুর আসার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি চাঁদপুর শহরে সূধী সমাবেশ করবেন বলে আশা করা যাচ্ছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী বিশ্ব খাল পুনঃ খননের উদ্বোধন, পার্শ্ববর্তী বিলে প্রস্তাবিত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন এবং শাহরাস্তি উপজেলার ওয়ারুকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা যায়।
সেই লক্ষেই বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকেল ৫টার দিকে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট-কুমারডুগী এলাকায় দুটি স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, উপজেলা প্রকৌশলী রাহাত আমিন।
এসময় দলীয় নেতৃবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক দেওয়ান, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ সহ স্থানীয় অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফরের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। তবে আগামী শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর সভাস্থল মাঠ পরিদর্শন করবেন চাঁদপুরের সংসদ সদস্যগণ সহ দলীয় নেতৃবৃন্দ।

মাসুদ হোসেন