প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৭:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাটকা নিধন রোধে ২ মাসে ৪৭১ অভিযান: ১৮০ মামলা, ১৮০ জন কারাগারে

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুর জেলায় জাটকা সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে গত দুই মাসে ব্যাপক অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা শিকার বন্ধে পরিচালিত ৪৭১টি অভিযানে ১৮০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২০৮ জন আসামির মধ্যে আদালতের আদেশে ১৮০ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তারা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত প্রস্তুতকৃত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, এসব অভিযাননে ৩০টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৯ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে, ৪২টি নৌকা আটক করা হয়েছে এবং ৩ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাটকা সংরক্ষণের অংশ হিসেবে প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর পদ্মা-মেঘনার প্রায় ১০০ কিলোমিটার নৌ-সীমানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন সুরক্ষার লক্ষ্যে সরকার ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করে।

নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে বলে মৎস্য বিভাগ জানিয়েছে।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা প্রশাসন, পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্য সম্পদ রক্ষায় সরকারের বিধি মোতাবেক নির্দিষ্ট সময়ে এ অভিযান পরিচালিত হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন