শাহরাস্তিতে স্কুল-কলেজ শিক্ষার্থীদের রাতের আড্ডা ও অযাচিত ঘোরাফেরা বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে এবং কিশোর গ্যাং প্রতিরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৯ -৩০ এপ্রিল রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশের অভিযানে উপজেলার বিভিন্ন সড়কে অভিযান পরিচালিত হয়।
এ সময় রাতের বেলায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা ১৩+১৪ মোট ২৭ জন স্কুল ও কলেজ শিক্ষার্থীকে থানায় নিয়ে এসে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। পরে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এদের মধ্যে প্রথম দিন উপজেলার বিভিন্ন এলাকায় এবং বৃহস্পতিবার রাতে ওয়াকওয়ে থেকে ১৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে পরিবার ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোর গ্যাং ও অনিয়ন্ত্রিত আড্ডা প্রতিরোধে আমরা প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছি।
অভিযান প্রসঙ্গে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “শিক্ষার্থীরা যাতে পড়াশোনা থেকে বিচ্যুত না হয়, সে জন্যই আমাদের এই উদ্যোগ। সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাঘুরি ও আড্ডা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিভাবকদেরও আরও দায়িত্বশীল হতে হবে।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উপজেলা পরিষদের এক সভায় চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা, আড্ডাবাজি ও কিশোর গ্যাং নির্মূলে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন। এরই ধারাবাহিকতায় মাঠপর্যায়ে এই অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ ও প্রশাসনের এমন উদ্যোগে সচেতন মহল ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবনে ফেরাতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মো. মাসুদ রানা