প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ১০:২৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর শহরে মুসা কাজেম নামের এক এসএসসি পরীক্ষার্থীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। শুক্রবার (১ মে) জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর বাবা কাইয়ুম খান চাঁদপুর সদর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি জানান, তাঁর ছেলে মুসা কাজেম বন্ধুদের সঙ্গে শহরের বাইতুল আমীন জামে মসজিদে জুমার নামাজ আদায় করে রিকশায় করে বাড়ি ফিরছিল। পথে শহরের তাজ হোটেলের সামনে পৌঁছালে তাদের রিকশার গতিরোধ করে একদল কিশোর গ্যাং সদস্য।

অভিযোগে বলা হয়, ব্যাংক কলোনি এলাকার নিরব ও আরিয়ানের নেতৃত্বে কয়েকজন বখাটে মুসা কাজেমকে রিকশা থেকে টেনে নামিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে দেশীয় অস্ত্রের আঘাতে তাঁর মাথায় গুরুতর জখম হয়।

মুসার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তাঁর বাবা দ্রুত হাসপাতালে পৌঁছান।

কাইয়ুম খান অভিযোগ করেন, শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা দলবদ্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে এমন একাধিক ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ ঘটনায় আহত মুসা কাজেম শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন