প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ১২:০১ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনগণের সমস্যা তুলে ধরলেন চেয়ারম্যানরা, সমাধানের আশ্বাস এমপি মমিনুল হকের

মেহেদি হাসান রিমেল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অংশগ্রহণে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে সকলকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, হাজীগঞ্জে খুব শিগগিরই খাল খনন কর্মসূচি শুরু করা হবে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া কৃষিজমি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন তিনি।

সভায় বিভিন্ন ইউনিয়নের সমস্যা, জনভোগান্তি ও উন্নয়ন চাহিদা তুলে ধরেন ইউনিয়ন চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কাজী নুরের রহমান বেলাল, রাজারগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মফিজুল ইসলাম, ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মানিক হোসেন প্রধাবীয়া, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, ইউপি চেয়ারম্যান নুরে আলম হেলাল, ইউপি চেয়ারম্যান একেএম মজিবুর রহমানসহ ইউপি সদস্য ফরিদ আহমেদ, খালেদা আক্তার ও ফাতেমা বেগমসহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্লাহ পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।

সভাটি স্থানীয় সরকার প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় জোরদার ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন