প্রকাশের সময়: সোমবার, ৪ মে, ২০২৬ । ৯:৫২ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জীবিকার খোঁজে যাওয়া ফরিদগঞ্জের আলমাছ মঙ্গলবার দেশে ফিরছেন লাশ হয়ে, বুধবার জানাজা

এস. এম ইকবাল
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দৈনিক ইলশেপাড়ের ফরিদগঞ্জ সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য আবু তালেব সরদারের ছোট ছেলে মো. আলমাছ সরদার ফরিদের (২৪) মরদেহ মঙ্গলবার দেশে পৌঁছাবে। পরদিন বুধবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আলমাছ সরদার ফরিদের মৃত্যু হয়। তবে ঘটনার প্রায় দুই সপ্তাহ পর পরিবারটি সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পায়।
পরিবারের অভিযোগ, যে দালালের মাধ্যমে ফরিদ সৌদি আরবে গিয়েছিলেন, তিনি প্রথমে মরদেহ দেশে পাঠানোর আশ্বাস দিলেও পরে টালবাহানা করেন। একপর্যায়ে তিনি এ বিষয়ে সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। পরে আবু তালেব সরদার ব্যক্তিগত উদ্যোগে সৌদি আরবে থাকা পরিচিতজনের কাছে প্রায় সাড়ে তিন লাখ টাকা পাঠান। এরপর দূতাবাসের সহায়তায় মরদেহ দেশে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরিবার জানায়, মঙ্গলবার (৫ মে) বাংলাদেশ সময় সকাল ৭টায় সৌদি আরব থেকে মরদেহবাহী বিমান ছেড়ে আসবে এবং বিকেল ৩টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ ফরিদগঞ্জে নেওয়া হবে। বুধবার সকালে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
আলমাছ সরদার ফরিদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের দক্ষিণ বালিথুবা গ্রামের বাসিন্দা। তিনি আবু তালেব সরদার ও হনুফা বেগম দম্পতির দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে সবার ছোট। প্রায় দুই বছর নয় মাস আগে তিনি কাজের উদ্দেশ্যে সৌদি আরবের রিয়াদে যান। গত ২৪ মার্চ থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পরে ১৫ এপ্রিল বিকেলে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন