প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬ । ৪:১৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এক রাতে তিন বসতঘরে চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

ইসমাইল হোসেন বিপ্লব

চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের জলা তেতৈয়া গ্রামে এক রাতে তিনটি বসতঘরে চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র এ ঘটনা ঘটায় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। চোরেরা স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলা তেতৈয়া গ্রামের প্রবাসী সোহেল সরকার (সঞ্জয়) এর বাড়িতে গভীর রাতে টিন কেটে ঘরে প্রবেশ করে চোরেরা। পরে ঘরে থাকা দুটি স্টিলের আলমারি ভেঙে প্রায় সাড়ে ছয় ভরি স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

একই রাতে সঞ্জয় সরকারের ভাই ব্যবসায়ী বিজয় সরকারের ঘর থেকেও একটি মোবাইল ফোন চুরি হয়। এছাড়া একই বাড়ির আরেক প্রবাসী রতন সরকারের ঘরে সিঁধ কেটে ঢুকে বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা।

ভুক্তভোগী সঞ্জয় সরকারের স্ত্রী শিউলি রানী সরকার বলেন, “শেষ রাতে মেয়ের চিৎকারে ঘুম ভাঙে। পরে দেখি ঘরের দরজা খোলা। আলমারিতে থাকা স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা নেই। সব নিয়ে গেছে চোরেরা।”

তিনি আরও বলেন, চোরদের ফেলে যাওয়া একটি মানিব্যাগ ঘরে পাওয়া গেছে। সেখানে একটি জাতীয় পরিচয়পত্র ছিল বলে দাবি করেন তিনি।

এদিকে একই রাতে একই বাড়ির তিনটি ঘরে চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে যাওয়ায় রাতের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন