চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে স্থানীয় দুটি মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার হল পরিদর্শন ও শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করা হয়েছে।
গত শনিবার (১০ই মে) সংস্থার শিক্ষা বিষয়ক উপদেষ্টা জনাব মো: এনামুল হক এবং সহ-সভাপতি জনাব মো: আবু ইউসুফ সুমন ‘দাদিয়াপাড়া মো: ফজলুল হক নূরানী ও হাফিজিয়া মডেল মাদ্রাসা’ এবং ‘হযরত ওমর (রাঃ) তালিমুল কোরআন মাদ্রাসা’র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক ও পরীক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। সংস্থার প্রতিনিধিরা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়নে সংস্থার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ধর্ম, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান মহিন এক বার্তায় জানান, এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিনিধি