গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান-এর আগমনকে কেন্দ্র করে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক এলাকায় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক খাল খনন কর্মসূচিকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকাজুড়ে সাজসজ্জা, অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উদ্বোধনস্থলকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। একই সঙ্গে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ব্যক্তির সফর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের বিভিন্ন স্তরে চলছে সমন্বিত প্রস্তুতি।
স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে উয়ারুক এলাকায় প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে আসেন স্থানীয় সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার রবিউল হাসান, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর সদস্যরাও। তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, “প্রধানমন্ত্রীর উয়ারুক সফরকে কেন্দ্র করে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন।জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, “প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্নের পথে। নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং অনুষ্ঠানস্থলের অবকাঠামোগত প্রস্তুতির বিষয়ে সংশ্লিষ্ট সকল বিভাগ কাজ করছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ সেলিম পাটোয়ারী লিটন,সাবেক পৌর মেয়র মোঃ মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক মোঃ ইকবাল হোসেন, পৌরসভা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম, যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন সেলিম, যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী,সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদ হোসেন, ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার এবিএম পলাশ এবং সাধারণ সম্পাদক আজগর হোসেন মিয়াজী,ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মোঃ মাসুদ রানা