প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬ । ৭:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাস্তা নিয়ে বিরোধ সংঘর্ষে চাঁদপুর সদরে একই পরিবারের ৩ জন জখম

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে একই পরিবারের তিনজন রক্তাক্ত জখম হয়েছেন। এ ঘটনায় চাঁদাবাজি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বালিয়া ইউনিয়নের গুলিশা এলাকার পাটোয়ারী বাড়ির মৃত মান্নান পাটোয়ারীর ছেলে নাসির পাটোয়ারী, তার সহোদর আজিজ পাটোয়ারী এবং তাদের খালাতো ভাই ইকরাম পাটোয়ারী। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) সকালে চাঁদপুর সদর উপজেলার পশ্চিম গুলিশা এলাকায় সরকারি খালের মাটি কেটে রাস্তার পাশে ভরাট কাজ চলছিল। এ সময় নাসির পাটোয়ারীর বাড়ির চলাচলের একটি পথ বন্ধ হয়ে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

পরে বিষয়টি মীমাংসার কথা বলে একই এলাকার দ্বীন ইসলাম পাটোয়ারীর ছেলে নাইম পাটোয়ারী নাসির পাটোয়ারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। তবে চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে হুমকি দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, সকাল সাড়ে ১০টার দিকে নাসির পাটোয়ারী বাড়ি ফেরার পথে কয়েকজন তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় তার গলায় থাকা প্রায় এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

নাসিরকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই আজিজ পাটোয়ারী ও খালাতো ভাই ইকরাম পাটোয়ারীকেও এলোপাতাড়ি মারধর করা হয়। অভিযোগ রয়েছে, ইকরামের কাছে থাকা গরু কেনার জন্য আনা ১ লাখ ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়েছে।

এদিকে হামলার পর অভিযুক্তরা বাদীপক্ষের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ করা হয়েছে। এতে বাধা দিতে গেলে নাসিরের বড় ভাইকেও কুপিয়ে আহত করা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনের মাথায় পাঁচটি এবং আরেকজনের মাথায় আটটি সেলাই দেন। এছাড়া আরও একজনের হাত ভেঙে গেছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তরা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন