প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬ । ১১:১৮ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

একসঙ্গে নিভে গেল চার ভাইয়ের প্রাণ

অনলাইন ডেস্ক

ওমানে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার বাংলাদেশি ভাই। জীবিকার তাগিদে প্রবাসে পাড়ি জমানো সেই চার ভাই এবার ফিরছেন নিথর দেহ হয়ে। এই হৃদয়বিদারক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়া এলাকা।

বুধবার (১৩ মে) দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের মোলাদ্দা এলাকায় গাড়ির ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করে ওমান পুলিশ। নিহতরা হলেন রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সবাই আবদুল মজিদের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, চার ভাইয়ের মধ্যে দুইজন ছিলেন অবিবাহিত। আগামী ১৫ মে দেশে ফেরার কথা ছিল তাদের। সেই প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষে কর্মস্থলে ফেরার পথেই ঘটে যায় এই মর্মান্তিক ঘটনা।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। যে সন্তানদের ফেরার অপেক্ষায় ছিল পরিবার, সেই সন্তানরাই ফিরছে লাশ হয়ে— এমন নির্মম বাস্তবতা যেন কেউ মেনে নিতে পারছে না।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অসংখ্য শোকবার্তা। অনেকেই বলছেন, জীবনের স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রবাসে কত নিঃশব্দেই ঝরে যায় প্রিয় মানুষের জীবন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন