শাহরাস্তি উপজেলার উয়ারুক খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে শাহরাস্তি পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে স্থানীয় সাংসদ লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষে আয়োজিত এ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী। তিনি বলেন, “আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় ২২ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে বিএনপির নেতা হিসেবে শাহরাস্তিতে এসেছিলেন।
তিনি প্রধানমন্ত্রী হিসেবে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এটি শাহরাস্তিবাসীর জন্য অত্যন্ত গৌরবের বিষয়।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে স্থানীয় সাংসদ লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে আগামীকালের কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি জুবায়ের আল নাহিয়ান, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আবুল কাশেম আকাশ, যুবদলের সদস্য সচিব আলী আজগর মোল্লা, মোহাম্মদ আব্দুল মালেক, জাকির হোসেন কেনু, লোকমান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মোঃ মাসুদ রানা