আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সাম্প্রতিক জেলা সফরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচিত স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জেলা সফর করছেন। এরই ধারাবাহিকতায় গতকাল তিনি চাঁদপুর জেলা পরিদর্শন করেন। পথে বরুড়া ও মুদাফফরগঞ্জ এলাকায় দুটি পথসভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, সরকার প্রধান হিসেবে তারেক রহমান একটি বিশেষ বাসে সফর করছেন। তবে সেই বাসে যাঁরা সফরসঙ্গী হয়েছেন, তাঁদের অনেকের গত ১৫ বছরের রাজনৈতিক ইতিহাসে উল্লেখযোগ্য কোনো আন্দোলন-সংগ্রামের চিহ্ন নেই। কেউ দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, কেউ স্বাচ্ছন্দ্যময় জীবন কাটিয়েছেন, আবার কেউ বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্তও ছিলেন না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে বরুড়া, লাকসাম ও চাঁদপুর অঞ্চলে শুধুমাত্র বিএনপির রাজনীতি করার কারণে অসংখ্য নেতা-কর্মী মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন উল্লেখ করে জুলকারনাইন সায়ের খান প্রশ্ন তোলেন—
“সেসব ত্যাগী ও নির্যাতিত নেতা-কর্মীদের মধ্য থেকে অন্তত ৪/৫ জনকে কি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী করা যেত না?”
তার মতে, এতে তৃণমূলের নেতা-কর্মীদের আত্মবিশ্বাস ও মনোবল আরও বৃদ্ধি পেত।
স্ট্যাটাসের শেষাংশে তিনি মার্কিন লেখক ও রাজনৈতিক কর্মী এলডরিজ ক্লিভার-এর একটি উক্তি তুলে ধরেন—
“Respect commands itself and can neither be given nor withheld when it is due.”
অর্থাৎ, “সম্মান এমন এক বিষয়, যা প্রাপ্য হলে তা আদায় হয়ে যায়; তা কাউকে দিয়ে বা আটকে রাখা যায় না।”

অনলাইন ডেস্ক