বাংলাদেশের রাজনীতিতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরাই সবসময় আন্দোলন-সংগ্রামের মূল শক্তি। রাজপথের মিছিল, মামলা-হামলা, নির্যাতন আর প্রতিকূলতার মধ্য দিয়েই গড়ে ওঠে একটি রাজনৈতিক দলের প্রকৃত ভিত্তি। কিন্তু সময়ের পরিবর্তনে সেই ত্যাগী কর্মীদের অনেকেই আজ হারিয়ে যাচ্ছেন সুবিধাবাদী ও হাইব্রিড নেতাদের ভিড়ে। এমন বাস্তবতায় অবহেলিত তৃণমূল কর্মীদের আবারও রাজনীতির মূলধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন মতলব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজা ফয়সাল।
ড্যাব মহানগর উত্তর সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সম্মানিত সদস্য সরকার মাহবুব আহমেদ শামীমের পক্ষ থেকে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক পথচলার মহাপরিকল্পনার ঘোষণা দিয়েছেন এই তরুণ ছাত্রনেতা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে রাজা ফয়সাল জানান, রাজনীতিকে তিনি কোনো পদ-পদবী বা ব্যক্তিস্বার্থের জায়গা হিসেবে দেখেন না। বরং যারা নিঃস্বার্থভাবে বিএনপি পরিবারকে ভালোবেসে রাজপথে ঘাম ঝরিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন এবং দুঃসময়ে দলকে আগলে রেখেছেন- তাদের সামনে নিয়ে আসাই হবে আগামী দিনের প্রধান লক্ষ্য।
তিনি তার বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ আগামীতে খুব শীঘ্রই সরকার শামীম ভাইয়ের পক্ষ থেকে ত্যাগী নেতাদের নিয়ে সামনে পথচলা শুরু হবে। আমি আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াবো। আপনারা যারা কোনো কিছুর বিনিময়ে নয়, সত্যিকারের ভালোবাসা থেকে বিএনপি পরিবার ও দেশনায়ক জনাব তারেক রহমানকে ভালোবাসেন, রাজপথে ঘাম ঝরিয়েছেন- তাদের সবার সামনে তুলে ধরবো। অন্যায়ের বিরুদ্ধে সবসময় লড়ে যাবো এবং মানুষের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ। ত্যাগী নেতারাই সামনে পথচারণ করবে- এটাই আমার প্রত্যাশা।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজা ফয়সালের এই উদ্যোগ তৃণমূল রাজনীতিতে নতুন করে প্রাণসঞ্চার করতে পারে। দীর্ঘদিন ধরে যারা মামলা-হামলা, দমন-পীড়ন ও অবমূল্যায়নের শিকার হয়েও দলের প্রতি অনুগত থেকেছেন, তাদের জন্য এটি আশার আলো হয়ে উঠতে পারে।
স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, বর্তমানে রাজনীতিতে “হাইব্রিড সংস্কৃতি” বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক পরীক্ষিত ও ত্যাগী কর্মী মূল্যায়নের অভাবে পেছনে পড়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে “ত্যাগী নেতাদের সামনে আনার” এই ঘোষণা রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।
জনকল্যাণ, অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয়ে রাজা ফয়সালের এই রাজনৈতিক অঙ্গীকার ইতোমধ্যেই মতলবের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তরুণ এই ছাত্রনেতার বিশ্বাস- দেশনায়ক তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে রাজনীতির সামনের সারিতে জায়গা দিতে হবে সেইসব ত্যাগী মানুষদের, যারা দুঃসময়ে দলকে আগলে রেখেছেন বুকের ভালোবাসা দিয়ে।

অনলাইন ডেস্ক