শাহরাস্তি মডেল থানা পুলিশের টানা সাঁড়াশি অভিযানে মাদক, অনলাইন জুয়া ও চুরি মামলার আসামীসহ পৃথক ঘটনায় মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৭ থেকে ২০ মে পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, অনলাইন জুয়াড়ি আটক এবং চুরি মামলার সন্দেহভাজন গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০ মে সূচীপাড়া উত্তর ইউপির শোরসাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শোরসাক আটিয়া বাড়ির মৃত হারেজ মিয়ার ছেলে আব্দুল জলিল (২৩)-কে তার নিজ চা দোকান থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
মামলা : এফআইআর নং-২৭, জি আর নং-১২৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। একই দিনে টামটা দক্ষিণ ইউপির টামটা পাটোয়ারী বাড়ির মোঃ কবিরের ছেলে মোঃ রাশেদ (২৩)-কে মহসিনের দোকানের সামনে পাকা রাস্তার উপর মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন জুয়া খেলার সময় হাতেনাতে আটক করে পুলিশ।
মামলা : এফআইআর নং-২৬, জি আর নং-১২৭; সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫। এছাড়া নিয়মিত চুরি মামলার তদন্তে রায়শ্রী উত্তর ইউপির খামপাড়া এলাকার ইব্রাহীম খলিলের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৩)-কে শাহরাস্তি থানা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
মামলা : এফআইআর নং-১৩, জি আর নং-১৩; পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারা। এর আগে ১৮ মে পৌর শহরের ঠাকুর বাজার টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকায় কাজিরকাপ গাজী বাড়ির কোরবান আলীর ছেলে সাইফুল ইসলাম (২৭)-কে একটি ভাড়া বাসার কক্ষ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। মামলা : এফআইআর নং-২৪, জি আর নং-১২৫; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
আর ১৭ মে টামটা দক্ষিণ ইউপির দোপাল্লা তালুকদার বাড়ির মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ সবুজ (৩০)-কে দোপাল্লা আলিপুর সংযোগ সড়কের হাজী বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। মামলা : এফআইআর নং-২২, জি আর নং-১২৩; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, অনলাইন জুয়া ও চুরি প্রতিরোধে শাহরাস্তি থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দায়ের শেষে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

মোঃ মাসুদ রানা