প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ১:০৯ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভূমি মেলা উপলক্ষে গণশুনানিতে অর্ধশতাধিক ভূমি বিরোধ নিষ্পত্তি

এস. এম ইকবাল
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভূমি মেলা ২০২৬ উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ভূমি অফিসের গোলঘরে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান।
গণশুনানিতে উপজেলার বিভিন্ন এলাকার ভূমি সংক্রান্ত বিরোধ, নামজারি, খতিয়ান সংশোধন, জমি সংক্রান্ত জটিলতা ও অভিযোগ শুনানি করা হয়। দিনব্যাপী এ কার্যক্রমে প্রায় ৫০টি মামলার নিষ্পত্তি করা হয়েছে বলে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মাসুম আলম খান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, “ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিষ্পত্তির লক্ষ্যে সরকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম চালু রেখেছে। এরই অংশ হিসেবে আজকের গণশুনানিতে ২৬টি শুনানিসহ মোট প্রায় ৫০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।”
তিনি আরও বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিজিটাল ও স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন