শাহরাস্তি উপজেলায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২১ মে ২০২৬) রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় টামটা উত্তর ইউপির তারালিয়া গ্রামের ফসলি মাঠে এ অভিযান চালানো হয়।অভিযানে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার কাজে ব্যবহৃত দুটি ভেকু (এক্সকাভেটর) মেশিনের চারটি ব্যাটারি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ফসলি জমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রশাসন অবৈধ কর্মকাণ্ডের সত্যতা পায় এবং তাৎক্ষণিকভাবে ব্যবহৃত ভেকুগুলোর ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, কৃষি জমির টপ সয়েল উত্তোলন সম্পূর্ণ অবৈধ এবং এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। কোনোভাবেই এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অভিযানে ব্যবহৃত যন্ত্রপাতির অংশ জব্দ করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ টপ সয়েল উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিক ভাবে পরিচালনা করা হবে।

মোঃ মাসুদ রানা