প্রকাশের সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬ । ২:১০ এম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলী আজগর মিয়াজী

মোঃ মাসুদ রানা
শাহরাস্তি পৌরশহরের ঐতিহ্যবাহী নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আলী আজগর মিয়াজী। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও কমিটি সংকটের অবসান ঘটিয়ে বিদ্যালয়টির জন্য ৬ মাস মেয়াদি নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা।
কুমিল্লা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক অফিসিয়াল আদেশে (স্মারক নং-.০৭.৯৩.০০০০.২১২.২২.০৫.২৬.৮০০০) বিষয়টি নিশ্চিত করা হয়।
২০২৪ সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালার ৩৪(১০) ধারা অনুযায়ী এ অনুমোদন প্রদান করা হয়েছে। নবগঠিত ৪ সদস্যবিশিষ্ট এডহক কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষক প্রতিনিধি সদস্য হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা মনোনীত করেছেন মোঃ আবদুল মমিন সিকদারকে এবং অভিভাবক প্রতিনিধি সদস্য হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোনয়ন দিয়েছেন আজাদ মোল্লাকে।
নতুন দায়িত্ব পেয়ে কমিটির সভাপতি মোঃ আলী আজগর মিয়াজী বলেন, “নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের আবেগ, ঐতিহ্য ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের অন্যতম বাতিঘর। শিক্ষা বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমি সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবো। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়েই একটি আধুনিক, মানসম্মত ও মেধাবান শিক্ষাঙ্গন গড়ে তুলতে চাই। শিক্ষার গুণগত মানোন্নয়নই হবে আমাদের প্রধান অঙ্গীকার।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিন পর ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য একটি কমিটি গঠিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক গতি ফিরে আসবে। তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিচালনায় দক্ষ ও দায়িত্বশীল পরিচালনা পর্ষদের বিকল্প নেই। নতুন কমিটির সদস্যরা নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে বিদ্যালয়টি আবারও তার পুরনো সুনাম ও ঐতিহ্যে ফিরে যাবে।
এদিকে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, শিক্ষা প্রতিষ্ঠান কখনো ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক প্রতিহিংসার ক্ষেত্র হতে পারে না। এটি ভবিষ্যৎ প্রজন্ম গঠনের পবিত্র জায়গা। তাই নতুন কমিটির কাছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা থাকবে, তারা যেন অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতহীনভাবে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করেন।
শিক্ষা বোর্ডের এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে। বিষয়টি অবগতির জন্য চাঁদপুর জেলা শিক্ষা অফিসার, শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে মোঃ আলী আজগর মিয়াজী মেহের ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন