প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৭:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পরিবহন শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের ঈদ উপহার বিতরণ

সাইদ হোসেন অপু চৌধুরী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুরের পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা প্রশাসন।

রোববার (২৪ মে) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার ৩৪ জন পরিবহন শ্রমিকদের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, পরিবহন শ্রমিকরা দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার অন্যতম প্রাণশক্তি। আপনাদের নিরলস পরিশ্রমের কারণেই মানুষ প্রতিদিন নিরাপদে কর্মস্থল ও গন্তব্যে পৌঁছাতে পারে। বিশেষ করে ঈদের সময় পরিবার-পরিজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে পরিবহন শ্রমিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রত্যেক চালকের নৈতিক দায়িত্ব। ট্রাফিক আইন মেনে ধৈর্য ও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে। অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং শুধু দুর্ঘটনাই বাড়ায় না, একটি পরিবারের স্বপ্নও মুহূর্তেই শেষ করে দিতে পারে। তাই মানবিকতা, সচেতনতা ও দায়িত্ববোধ নিয়ে সবাইকে কাজ করতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকার শ্রমিকবান্ধব নানা উদ্যোগ গ্রহণ করেছে। জেলা প্রশাসনও সবসময় শ্রমিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের সুখ-দুঃখে পাশে থাকা আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও পরিবহন শ্রমিকদের কল্যাণে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা, চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. বাবুল মিজি, সাবেক সভাপতি আমির মাঝি, বোগদাদ পরিবহনের পরিচালক বাবুল মিয়া এবং আইদি পরিবহনের পরিচালক মজিবুর রহমান খানসহ পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন