প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬ । ৭:৫৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বালুবাহী ট্রাকের চাপায় কাপড় ব্যবসায়ী নিহত

মোঃ মাসুদ রানা

চাঁদপুর  -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তিতে বালুবোঝাই একটি দ্রুতগামী ট্রাকের চাপায় রবিউল আলম (৫২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সিএনজি অটোরিকশার চালক মেহেদী হাসান (২৩)। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের শিবপুর বাংলা বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রবিউল আলম উপজেলার শিবপুর নোয়াবাড়ির বাসিন্দা ও স্থানীয় দোয়াভাঙ্গা বাজারের পরিচিত কাপড় ব্যবসায়ী। আহত মেহেদী হাসান পাশ্ববর্তী কচুয়া উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, চাঁদপুর থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা (কুমিল্লা-খ ১৩১১৪৪) শিবপুর বাংলা বাজার এলাকায় যাত্রী তোলার জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিল। এসময় পেছন থেকে আসা অতিরিক্ত বালুবোঝাই দ্রুতগামী একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫৮৮৯২) সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে যাত্রী রবিউল আলম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক ট্রাকটি আটক করে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে সড়কের দু’পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশা জব্দ করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক ও দুঃখজনক। প্রাথমিকভাবে জানা গেছে, যাত্রী ওঠানামার সময় পেছন দিক থেকে আসা একটি বালুবাহী দ্রুতগামী ট্রাক সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনসাধারণকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘাতক ট্রাক ও দুর্ঘটনাকবলিত সিএনজিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন