প্রকাশের সময়: শনিবার, ৩০ মে, ২০২৬ । ৯:৪৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সরকার জুলাইকে উপেক্ষা করছে, সংস্কার বাস্তবায়ন করতে হবে: মোবারক হোসেন

নিজস্ব প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসেন বলেছেন, সংস্কার প্রস্তাবে সম্মতি ও স্বাক্ষর দেওয়ার পরও সরকার এখন ‘জুলাইয়ের চেতনা’কে উপেক্ষা করছে। তিনি দাবি করেন, জুলাইয়ের আন্দোলন না হলে বর্তমান রাজনৈতিক বাস্তবতা সৃষ্টি হতো না।

শনিবার চাঁদপুরের হাজীগঞ্জে স্থানীয় জামায়াতে ইসলামী আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোবারক হোসেন বলেন, ‘জুলাই আন্দোলন না হলে আজ যিনি প্রধানমন্ত্রী, তাঁর প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা, দেশে ফেরাও সম্ভব হতো না।’ তিনি আরও বলেন, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাজনৈতিক অবস্থানও জুলাই আন্দোলনের ফলাফল।

জামায়াতের এই নেতা বলেন, সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। শহীদ পরিবার, আহত, পঙ্গু ও দৃষ্টিশক্তি হারানো আন্দোলনকারীদের সঙ্গে কোনো ধরনের প্রতারণা মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের চেতনা ও সংস্কারকে বেহাত হতে দেবে না। সংস্কার বাস্তবায়নের দাবিতে দেশের প্রতিটি এলাকায় আন্দোলন গড়ে তোলা হবে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে মোবারক হোসেন বলেন, তাকওয়ার পাশাপাশি জাগতিক জ্ঞান, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে অতীতের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কালিমুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে এবং পৌরসভা আমির মোহাম্মদ আবুল হাসানাত পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসাইন ও জাহাঙ্গীর আলম, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন