“সবার জন্য কুরবানি” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিম্ন আয়ের ও অসচ্ছল পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক পরিবারের হাতে কুরবানির মাংস পৌঁছে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৮ মে) উপজেলার ৫নং সদর ইউনিয়নের কয়েকটি গ্রামে ঈদুল আজহার দিন সকাল থেকে কুরবানির কার্যক্রম শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পশু জবাই, মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার কাজ সম্পন্ন করা হয়। পরে পূর্বনির্ধারিত তালিকা অনুযায়ী সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারের মাঝে এসব মাংস বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা যায়, ঈদের কয়েকদিন আগে থেকেই প্রকৃত অসচ্ছল পরিবারের তালিকা প্রস্তুতের কাজ শুরু করা হয়। যাতে কোনো অভাবী পরিবার সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
মাংস পাওয়া এক উপকারভোগী জানান, আগে প্রতিবছর শরীকের মাধ্যমে কুরবানি দিলেও গত কয়েক বছর আর তা সম্ভব হয়নি। অর্থনৈতিক সংকটের কারণে পরিবার নিয়ে কুরবানির আনন্দ থেকে বঞ্চিত ছিলেন তিনি। হঠাৎ বাড়িতে কুরবানির মাংস পৌঁছে দেওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া স্থানীয় প্রতিনিধি ইউসুফ পাটওয়ারী বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সারা দেশে অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় হাজীগঞ্জের কয়েকটি এলাকায় গরু কুরবানি দিয়ে মাংস বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পেরে স্বেচ্ছাসেবকরাও আনন্দ অনুভব করছেন।”
স্থানীয়রা জানান, এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও শক্তিশালী করে এবং সুবিধাবঞ্চিত মানুষের ঈদের আনন্দকে পরিপূর্ণ করে তোলে।

নিজস্ব প্রতিনিধি