শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযানে গত তিন দিনে মাদক মামলার দুই আসামিসহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ জুন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে উপজেলার সূচীপাড়া উত্তর ইউপির বেরকী গ্রামের ইমান আলীর ছেলে তৈয়ব আলী এবং একই গ্রামের তৈয়ব আলীর ছেলে মো. রায়হানকে আটক করেন। তারা সিআর-৪৯৩/২০২৫ (শাহরাস্তি) মামলার পরোয়ানাভুক্ত আসামি।
একই দিন এসআই (নিঃ) মিঠুন দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার টামটা উত্তর ইউপির হোসেনপুর গ্রামের স্বর্ণকার বাড়ির বাসিন্দা মো. আব্দুর রহিমের ছেলে রিয়াজ উদ্দিন স্বপনকে জিআর-৯৩/২০২৩ মামলার পরোয়ানার ভিত্তিতে আটক করেন।
এর আগে ৪ জুন এসআই (নিঃ) আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার চিতোষী পশ্চিম ইউপির দৈয়রা গ্রামের কান্দিরপাড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে মনিরুল ইসলামকে সিআর-৫৩৮/২০২৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করেন।
একই দিনে মাদকবিরোধী অভিযানে চিতোষী পশ্চিম ইউপির উত্তর খামপাড়া-আয়নাতলী এলাকার সংহাই (হাজীবাড়ি) গ্রামের মৃত হাবিব উল্যাহর ছেলে আনোয়ার হোসেনকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। আয়নাতলী-নরিংপুর সড়কে পরিচালিত ওই অভিযানের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ৩ জুন উপজেলার মেহের উত্তর ইউপির দেবীপুর (মাদ্রাসাবাড়ি) এলাকার আ. জব্বারের ছেলে আব্দুল কুদ্দুছকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। দেবীপুর এলাকায় পরিচালিত অভিযানের ঘটনায় তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, মাদক, অপরাধ ও পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

মোঃ মাসুদ রানা