চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের কৃতি সন্তান, শিক্ষানুরাগী ও সমাজসেবক এটিএম আব্দুল মতিন (তাহের) খেরুদিয়া দেলোয়ার হোসেন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোহাম্মদ নুরুন্নবী আলম স্বাক্ষরিত গত ৩ জুনের এক পত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন প্রবিধানমালা-২০২৪-এর অনুচ্ছেদ ৬৪(৪) এবং সংশোধিত প্রবিধানমালা-২০২৫ অনুযায়ী প্রতিষ্ঠানের সভাপতিসহ চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে এটিএম আব্দুল মতিন (তাহের)-কে মনোনীত করা হয়েছে। অনুমোদনের পর থেকেই কমিটি কার্যকর হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এটিএম আব্দুল মতিন (তাহের) প্রতিক্রিয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এ দায়িত্ব প্রদানের জন্য তিনি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, একজন অভিভাবক হিসেবে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিনিধি