চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘হয়রানিমূলক’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের ব্যানারে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য ফজলুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা এ. এম. টুটুল পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুস ছবুর পাটওয়ারী রুবেল, বিএনপি নেতা মানিক পাটওয়ারী, পৌর যুবদল নেতা শাওন পাঠান, তারেক পাটওয়ারী ও ছাত্রদল নেতা আশিকুর রহমান।
বক্তারা বলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ মামলা প্রত্যাহার এবং নেতা-কর্মীদের হয়রানি বন্ধের দাবি জানান।
বিএনপি নেতারা অভিযোগ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত ৩১ মে অনুষ্ঠিত কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় তাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলকভাবে মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ওই ঘটনার পর আহত ব্যক্তি মেহেদী হাসান রনি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক রাজু পাটওয়ারীকে প্রধান আসামি করা হয়। এছাড়া যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের একাধিক নেতাকে আসামি করা হয়েছে।

এস. এম ইকবাল