প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬ । ৬:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ‘ইয়াবা সম্রাট’ রবি গ্রেপ্তার হলেও বহাল তবিয়তে সহযোগীরা

নিজস্ব প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের অভিযোগে আলোচিত রবিউল গাজী রবি (২৭) অবশেষে জেলা গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে। তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর সদর উপজেলার ৪ নং শাহমাহমুদপুর ইউনিয়ন ইউনিয়নসহ আশপাশের এলাকায় রবি একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তোলে। সন্ধ্যা নামলেই কয়েকটি মোটরসাইকেল নিয়ে হাতে রামদা, চাইনিজ কুড়ালসহ মহড়া দিয়ে এলাকায় ভীতিকর পরিবেশ সৃষ্টি করত তার অনুসারীরা। সাধারণ মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না।

স্থানীয় সূত্র জানা যায়, শাহতলী গ্রামের শান্তকারী, পাইকদী গ্রামের ফারুক খান, ভাটেরগাঁও গ্রামের হৃদয় মজুমদার, কাজী বাড়ির হৃদয় কাজী, পাটোয়ারী বাড়ির শিশু পাটোয়ারী ও বেপারী বাড়ির সাহেদ খানসহ কয়েকজনকে নিয়ে রবি এই অঞ্চলে একটি সংঘবদ্ধ ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করছিল। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে একদল কিশোর ও তরুণ প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িয়ে পড়ে, ফলে এলাকায় চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়।

পুলিশ সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টা ৫০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমানের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই আবু নছর নিপুর নেতৃত্বে একটি দল রবিকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রবিউল গাজীর বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের বড় শাহতলীর গাজী বাড়ির নূর গাজীর ছেলে। জানা যায়, রবিউল গাজী রবি শাহমাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চাঁদপুরে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে স্থানীয়রা দাবি করেছেন, রবির সঙ্গে জড়িত পুরো সিন্ডিকেটকে আইনের আওতায় এনে এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে হবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন