চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজারে দীর্ঘদিনের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মতো বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই হকারকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বিভিন্ন অপরাধে মোট ১৫ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে জায়েদ হোসেন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীনা জাহান।
অভিযান চলাকালে জনসাধারণের চলাচলের পথে গ্যাসের সিলিন্ডার রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একটি ইলেকট্রিক দোকানের মালামাল ফুটপাতে রাখার দায়ে ৫ হাজার টাকা এবং এক ভ্রাম্যমাণ বিক্রেতাকে ৬৫০ টাকা জরিমানা করা হয়।
একই সময়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে দুই হকারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, এসআই দেলোয়ার হোসেন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে অবৈধভাবে বসানো হকার উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত মালামালের একটি অংশ থানায় নিয়ে যাওয়া হয় এবং একটি ভ্যানগাড়িও জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে জায়েদ হোসেন বলেন, “বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানজট নিরসনে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

মেহেদি হাসান রিমেল