চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের দায়ে ‘মেসার্স তামিমা বেকারী’কে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলার পৌর শহরের কালিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে বেকারিটির ভেতরে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা এবং নিরাপদ খাদ্য সংক্রান্ত বিধান লঙ্ঘনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর আওতায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, জনস্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের সুযোগ দেওয়া হবে না।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন বলেন, উপজেলার সব খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, হোটেল ও রেস্তোরাঁয় তদারকি আরও জোরদার করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অভিযান পরিচালনাকালে শাহরাস্তি মডেল থানার পুলিশ সদস্য, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মাসুদ রানা