প্রকাশের সময়: সোমবার, ২২ জুন, ২০২৬ । ৯:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খাদ্য ও ওষুধে অনিয়ম: ফরিদগঞ্জে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

সাইদ হোসেন অপু চৌধুরী

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শোল্লা বাজার, সাহার বাজার ও পাটোয়ারী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ জুন) পরিচালিত এ অভিযানে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য তৈরি ও বাজারজাত করার দায়ে আফিফা বেকারিকে ১০ হাজার টাকা, তপাদার বেকারিকে ৫ হাজার টাকা এবং মালয়েশিয়া বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়মের দায়ে ন্যাশনাল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য ও সেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন