ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছেন হাজীগঞ্জের রাজনৈতিক ব্যক্তিত্ব সৈয়দ মাহমুদ শাহ মুজাদ্দেদী।
শুক্রবার (২৬ জুন) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, পদত্যাগের আগে তিনি ইসলামী ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, চাঁদপুর জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং হাজীগঞ্জ পৌরসভা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
ফেসবুক পোস্টে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে দলের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের সকল সাংগঠনিক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।
তবে ব্যক্তিগত কারণের বাইরে তার পদত্যাগের বিষয়ে আর কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আলোচনা শুরু হলেও এ বিষয়ে তিনি আর কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।
তার এই পদত্যাগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত ইসলামী ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক