প্রকাশের সময়: শনিবার, ২৭ জুন, ২০২৬ । ১১:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া মাহফিল

মোঃ মাসুদ রানা

শাহরাস্তিতে আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা-২০২৬কে সামনে রেখে শিক্ষার্থীদের সফলতা, আত্মবিশ্বাস ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় ব্যতিক্রমধর্মী পরিবেশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মেহের ডিগ্রি কলেজে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য, দোয়া ও তবারক বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হওয়া এ আয়োজন কলেজ ক্যাম্পাসে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের প্রস্তুতি ও দিকনির্দেশনামূলক আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে দুপুর ১২টায় পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সবশেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অতিথি হিসেবে যুক্ত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপন (পাটোয়ারী)।

প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি ও মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ আয়েত আলী ভূঁইয়া। তিনি বলেন, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পরীক্ষার মতো এইচএসসি পরীক্ষাও তোমাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, সততা, আত্মবিশ্বাস এবং মহান আল্লাহর ওপর ভরসা রেখে এগিয়ে গেলে অবশ্যই সফলতা অর্জন সম্ভব। শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে দেশ ও জাতির যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।

কলেজ গভর্নিং বডির সভাপতি আবু ইউসুফ রুপন (পাটোয়ারী) বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য নির্ভর করে তার শিক্ষার্থীদের অর্জনের ওপর। তোমরা নিষ্ঠা, আত্মবিশ্বাস ও সুশৃঙ্খল প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা বিশ্বাস করি, মেহের ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা এবারও কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রতিষ্ঠানের সুনাম আরও সমুন্নত করবে।

সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান বলেন, “পরীক্ষা শুধু মেধা যাচাইয়ের বিষয় নয়, এটি আত্মবিশ্বাস, ধৈর্য ও মানসিক দৃঢ়তারও পরীক্ষা। শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান, শেষ মুহূর্ত পর্যন্ত পরিকল্পিত প্রস্তুতি অব্যাহত রাখবে, সময়ের যথাযথ ব্যবহার করবে এবং কোনো ধরনের গুজব বা অপ্রয়োজনীয় চাপকে প্রশ্রয় দেবে না। কলেজ পরিবার সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক পাটোয়ারী, কলেজের উপাধ্যক্ষ জিয়াউদ্দিন চৌধুরী, মেহের কলেজের সাবেক ভিপি শাহ মোহাম্মদ আলী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আলম, শিক্ষক রাহুল তারুণসহ কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক প্রতিনিধি এবং ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন