প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ । ১২:২২ এম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গ্রেপ্তারি পরোয়ানার খবর প্রত্যাখ্যান, আগেই জামিন নেওয়ার দাবি বড় মসজিদের মোতাওয়াল্লী শাকিল আহমেদ প্রিন্সের

নিজস্ব প্রতিনিধি

হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী শাকিল আহমেদ প্রিন্স তাঁর বিরুদ্ধে প্রকাশিত গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, যে মামলার কথা উল্লেখ করে তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারির খবর প্রকাশ করা হয়েছে, সেই মামলায় তিনি আগেই আদালত থেকে জামিন পেয়েছেন।

এক বিবৃতিতে শাকিল আহমেদ প্রিন্স বলেন, সিআর মামলা নং-৮১৮/২৫–এ তিনি আদালতের নির্ধারিত আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পূর্বেই জামিন গ্রহণ করেছেন। এ বিষয়ে আদালতের জামিন–সংক্রান্ত নথিপত্রও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, মামলাটি বর্তমানে বিচারাধীন এবং তিনি আইনগত প্রক্রিয়ার মধ্যেই রয়েছেন। এ অবস্থায় তাঁকে গ্রেপ্তার এড়ানো ব্যক্তি হিসেবে উপস্থাপন করা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

শাকিল আহমেদ প্রিন্স আরও দাবি করেন, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আদালতের প্রতি পূর্ণ আস্থা রেখে আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান।

তিনি বলেন, “যে মামলায় আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কথা বলা হচ্ছে, সেই মামলায় আমি আগেই আদালত থেকে জামিন নিয়েছি। তাই আমাকে নিয়ে প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।”

উল্লেখ্য, একই মামলায় হাজীগঞ্জ মডেল কলেজের সাবেক অধ্যক্ষ ও হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী ড. আলমগীর কবির পাটওয়ারী এবং আইনজীবী শাহরিয়ার আহমেদ শাওনের নামও রয়েছে। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন