শাহরাস্তিতে মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্ম ও সমাজকে রক্ষার প্রত্যয়ে এক মাদকবিরোধী সচেতনতা র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
‘সুস্থ জীবন, সুন্দর ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ে। বক্তারা বলেন, কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও যুবসমাজের সম্মিলিত উদ্যোগেই গড়ে উঠতে পারে মাদকমুক্ত সমাজ।
শুক্রবার উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির নাহারা উত্তর পাড়া যুব সমাজ-এর উদ্যোগে আয়োজিত র্যালিতে এলাকার সর্বস্তরের জনগণ, তরুণ ও মুরুব্বিরা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সচেতনতামূলক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে লড়াইকে শুধু পুলিশের দায়িত্ব মনে করলে চলবে না।
অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সর্বোপরি যুবসমাজকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের নৈতিক শিক্ষা ও সচেতনতা গড়ে তুলতে হবে। তিনি বলেন, তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে হবে। বর্তমানে মোবাইল ফোনের অযাচিত ও অতিরিক্ত ব্যবহার অনেক তরুণকে বাস্তব জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে।
অনেকেই অপ্রয়োজনীয় খরচ মেটাতে গিয়ে চুরি, ডাকাতি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এ প্রজন্মকে এসব নেতিবাচক প্রবণতা থেকে ফিরিয়ে এনে একটি সুস্থ, মানবিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী কিংবা মাদকসেবী, কোনো অপরাধীরই ছাড় নেই। শাহরাস্তি থানাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তবে জনগণের সহযোগিতা ছাড়া এ যুদ্ধ সফল করা সম্ভব নয়। আপনারা মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে নির্ভয়ে তথ্য দিন, পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। যুবসমাজের এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পুলিশ প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।
সমাবেশে বক্তারা ‘মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন’ এই অঙ্গীকার বাস্তবায়নে প্রতিটি পরিবারে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক বক্তা বলেন, মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসন নয়, সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। যুবকদের এমন উদ্যোগ অন্য এলাকাতেও ছড়িয়ে পড়া উচিত।
আরেক বাসিন্দা বলেন, বর্তমান সময়ে তরুণদের সচেতন করতে এ ধরনের কর্মসূচি খুবই প্রয়োজন। নিয়মিত এমন আয়োজন হলে অনেকেই মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন হবে।
মাদকবিরোধী র্যালি ও সচেতনতা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ যুবসমাজ উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা