আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু জনসাধারণের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন। এর অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় তিনি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও কুশল বিনিময়ে অংশ নেন।
মাগরিবের নামাজের পর রান্ধুনীমুড়া এলাকার বিভিন্ন স্থানে তার এই গণসংযোগ কর্মসূচি শুরু হয়। এ সময় স্থানীয় মসজিদে নামাজ আদায় শেষে তিনি ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্থানীয়দের নানা সমস্যা, চাহিদা ও উন্নয়ন-সংক্রান্ত প্রত্যাশার কথা শোনেন। নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন ও পৌরসভার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন তিনি।
এ সময় অ্যাডভোকেট ওমর ফারুক টিটু জানান, একটি আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও সেবামুখী পৌরসভা গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে নাগরিকদের প্রত্যাশা পূরণ এবং উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নিতে তিনি কাজ করতে চান বলেও উল্লেখ করেন।
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিমত, এ ধরনের সরাসরি জনসংযোগ কর্মসূচি জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে এবং এলাকার বাস্তব সমস্যা ও উন্নয়ন চাহিদা নির্ধারণে কার্যকর ভূমিকা রাখে।

মেহেদি হাসান রিমেল