চাঁদপুরের কচুয়ায় চলমান আলিম পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার দায়ে দুই কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৬ জুলাই) বাংলা প্রথমপত্রের পরীক্ষা চলাকালীন নিয়মের ব্যত্যয় ঘটায় কেন্দ্র কর্তৃপক্ষ এ কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন হলরুমের শৃঙ্খলা, স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব যথাযথভাবে পালন না করায় কেন্দ্রের সুপারভাইজিং কর্মকর্তা ওয়াসিম এ সিদ্ধান্ত গ্রহণ করেন।
অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষক হলেন, আল ফাতেহা আলিম মাদ্রাসার সহকারি মৌলভী মোশারফ হোসেন এবং কোমরকাশা আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক মোতাহার হোসেন।
জানা যায়, পরীক্ষা নিয়ন্ত্রণের নীতিমালা অনুযায়ী, পরীক্ষার খাতা বিতরণের পর পরীক্ষার্থীরা যখন তাদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে পূরণ করবে, কেবল তখনই দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে খাতার নির্ধারিত স্থানে স্বাক্ষর করার কথা। তবে সরেজমিনে দেখা যায়, অভিযুক্ত দুই শিক্ষক পরীক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর লেখার আগেই খাতার নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করে ফেলেন, যা প্রচলিত নিয়ম ও নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিশিন্তপুর ডিএস ইসলামিয়া কামিল মাদ্রাসার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ আবু ছালেহ মোঃ ফখরুদ্দিন। তিনি বলেন, পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখতে দায়িত্ব পালনে যেকোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম সহ্য করা হবে না। সেই ধারাবাহিকতাতেই দায়িত্বে অবহেলার দায়ে অভিযুক্ত ওই দুই পরিদর্শককে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

মোঃ রাছেল, কচুয়া