শাহরাস্তিতে মোড়কজাতকরণ বিধিমালা লঙ্ঘন এবং লেবেলবিহীন খাদ্যপণ্য বিক্রির দায়ে একটি মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মেহের দক্ষিণ ইউপির দেবকরা বাজারে পরিচালিত এ অভিযানে ‘মামা ভাগিনা মিষ্টি মেলা’ নামের প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা খাতুনের নির্দেশনায় দেবকরা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি উৎপাদিত ও বিক্রিত পণ্যের মোড়কে কোনো ধরনের লেবেল, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ কিংবা প্রয়োজনীয় তথ্য উল্লেখ ছাড়াই খাদ্যপণ্য বিক্রি করে আসছিল। বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংযুক্ত ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, বাজারে বিক্রিত প্রতিটি খাদ্যপণ্যের মোড়কে লেবেল, উপাদান, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকা বাধ্যতামূলক। আইন অমান্য করে লেবেলবিহীন পণ্য বিক্রি করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত আহমেদ এবং পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মোঃ মাসুদ রানা